• ২৯ কার্তিক ১৪৩৩, বুধবার ১৮ নভেম্বর ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

Benjamin Netanyahu

বিদেশ

নেতানিয়াহুর সঙ্গে হাত মেলাতে তৈরি ইজ়রায়েলের নতুন সরকার! ক্ষমতার সমীকরণে বড় চমক, কী বললেন বিদায়ী প্রধানমন্ত্রী?

ইজ়রায়েলের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত। বিরোধী নেতা গাদি আইজ়েনকোটের নেতৃত্বে নতুন সরকার গঠিত হলে সেখানে যোগ দিতে পারে বিদায়ী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টি। এমন প্রস্তাব দিয়েছিলেন আইজ়েনকোট। এক দিন পরেই সেই প্রস্তাবে ইতিবাচক ইঙ্গিত দিলেন নেতানিয়াহু। তাঁর বক্তব্য, দেশের স্বার্থে জাতীয় ঐক্যের সরকার গঠন এখন অত্যন্ত জরুরি। তাই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসতে তিনি প্রস্তুত।সোমবার নেতানিয়াহু বলেন, জাতীয় ঐক্যের সরকার গঠনের সম্ভাবনা খতিয়ে দেখতে আমি যে কোনও রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসতে রাজি। দেশের জন্য এমন একটি সরকার গঠন এখন অত্যন্ত প্রয়োজন।নেতানিয়াহুর এই মন্তব্যের পরেই ইজ়রায়েলের রাজনীতিতে নতুন করে জল্পনা শুরু হয়েছে। তবে আইজ়েনকোটের সঙ্গে আনুষ্ঠানিক কোনও চুক্তি হয়েছে কি না, সে বিষয়ে এখনও কিছু জানাননি নেতানিয়াহু।এর আগে রবিবার আইজ়েনকোট জানিয়েছিলেন, তাঁর নেতৃত্বে সরকার গঠিত হলে নেতানিয়াহুর লিকুদ পার্টিকে সেই সরকারে স্বাগত জানাতে তিনি প্রস্তুত। শুধু তাই নয়, অর্থমন্ত্রী বেজ়ালেল স্মোট্রিচের নেতৃত্বাধীন কট্টর দক্ষিণপন্থী রিলিজিয়াস জায়নিস্ট পার্টিকেও সরকারে জায়গা দেওয়ার বিষয়ে আপত্তি নেই তাঁর।আইজ়েনকোটের বক্তব্য, লিকুদ পার্টি এবং রিলিজিয়াস জায়নিস্ট পার্টি যদি সত্যিই জাতীয় ঐক্যের সরকার গঠনে আগ্রহী হয়, তা হলে তাঁর নেতৃত্বাধীন সরকারে যোগ দিতে তাদের আপত্তি থাকার কথা নয়। তবে সে ক্ষেত্রে তাঁর প্রস্তাবিত নীতি ও আদর্শ মেনে চলতে হবে বলেও স্পষ্ট করেছেন তিনি।অর্থাৎ, রাজনৈতিক বিরোধ সরিয়ে রেখে দেশের স্থিতিশীল সরকার গঠনের পক্ষেই সওয়াল করছেন আইজ়েনকোট। তাঁর এই প্রস্তাবে নেতানিয়াহুর ইতিবাচক সাড়া ইজ়রায়েলের রাজনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করেছে।এর আগে রবিবার ইজ়রায়েলের প্রেসিডেন্ট আইজ়্যাক হেরজ়গ নতুন সরকার গঠনের দায়িত্ব দিয়েছিলেন আইজ়েনকোটকে। দেশের ১২০ সদস্যের সংসদে প্রয়োজনীয় সমর্থন জোগাড় করে সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করতে হবে তাঁকে। সেই কাজই এখন তাঁর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।নতুন সরকার গঠনের প্রয়োজনীয়তার কথা বলতে গিয়ে প্রেসিডেন্ট হেরজ়গ বলেন, ইজ়রায়েলের একটি স্থিতিশীল সরকার প্রয়োজন। আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের পর আন্তর্জাতিক পরিস্থিতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে। সেই পরিবর্তিত পরিস্থিতির কথা মাথায় রেখেই ইজ়রায়েলকে প্রস্তুত থাকতে হবে।ইজ়রায়েলের প্রাক্তন সেনাপ্রধান আইজ়েনকোটের সামনে এখন কঠিন রাজনৈতিক পরীক্ষা। বিভিন্ন দলের সমর্থন জোগাড় করে সরকার গঠন করতে পারবেন কি না, সেটাই দেখার। অন্য দিকে, নেতানিয়াহু আলোচনায় বসতে রাজি হওয়ায় নতুন সরকারে তাঁর দলের ভূমিকা নিয়েও জল্পনা বাড়ছে। শেষ পর্যন্ত ইজ়রায়েলে সত্যিই জাতীয় ঐক্যের সরকার তৈরি হয় কি না, এখন সে দিকেই নজর রাজনৈতিক মহলের।

নভেম্বর ১০, ২০২৬
বিদেশ

ইজরায়েলে ক্ষমতা হারানোর মুখে নেতানিয়াহু? প্রেসিডেন্টের সিদ্ধান্তে বাড়ল রাজনৈতিক উত্তাপ!

ইজরায়েলের রাজনীতিতে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত। নির্বাচনের পর কোনও পক্ষই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন নিয়ে জটিলতা তৈরি হয়েছে। সেই পরিস্থিতিতে দীর্ঘদিনের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বড় ধাক্কা খেলেন। সরকার গঠনের দায়িত্ব পেলেন না তিনি। বরং তাঁর প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আইজেনকোটকে সরকার গঠনের জন্য ডাকলেন প্রেসিডেন্ট। ফলে ইজরায়েলে ক্ষমতার পালাবদলের সম্ভাবনা আরও জোরালো হয়েছে। যদিও নতুন সরকার গঠন এখনও সহজ নয়।ইজরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগের দফতর থেকে জানানো হয়েছে, রবিবার আনুষ্ঠানিক ভাবে আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেওয়া হবে। গত সপ্তাহে টানা দুদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেন প্রেসিডেন্ট। সেই আলোচনার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।ইজরায়েলের সংসদে মোট আসন ১২০টি। সরকার গঠনের জন্য প্রয়োজন অন্তত ৬১ জন সদস্যের সমর্থন। গত ২৭ অক্টোবরের নির্বাচনে আইজেনকোটের নেতৃত্বাধীন চার দলের জোট পেয়েছে ৪৮টি আসন। অন্য দিকে, নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোটের ঝুলিতে রয়েছে ৫৩টি আসন। আরব দলগুলি পেয়েছে ১৯টি আসন, যা উল্লেখযোগ্য সাফল্য বলে মনে করা হচ্ছে।তবে সংসদে সমর্থনের হিসাবে আইজেনকোট এগিয়ে রয়েছেন। নবনির্বাচিত সদস্যদের মধ্যে ৬৭ জন তাঁকে সমর্থন করেছেন। এই তালিকায় রয়েছেন আরব দলগুলির ১৯ জন সদস্যও। অন্য দিকে, নেতানিয়াহুর পক্ষে রয়েছেন ৪৬ জন সদস্য। এক সময়ের রাজনৈতিক সহযোগী ইউনাইটেড তোরাহ জুডাইজমও এবার তাঁকে সমর্থন করেনি।তবে সরকার গঠনের দায়িত্ব পেলেও আইজেনকোটের সামনে একাধিক চ্যালেঞ্জ রয়েছে। তিনি একটি জরুরি সরকার গড়তে চান। তার জন্য চারটি শর্তও রেখেছেন। তাঁর দাবি, ইজরায়েলকে ইহুদি, গণতান্ত্রিক, উদার এবং সমানাধিকারের রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে। পাশাপাশি হামাসকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে মানতে হবে। এই শর্তের কারণে আরব দলগুলি নতুন সরকারের মন্ত্রিসভায় যোগ দেবে কি না, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।আগামী কয়েক দিন সরকার গঠন নিয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে আলোচনা ও দর কষাকষি চলবে। মন্ত্রিত্ব বণ্টন থেকে শুরু করে জোটের শর্ত, সব বিষয়েই সমঝোতায় পৌঁছতে হবে আইজেনকোটকে। প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা জোগাড় করতে পারলে তবেই নতুন সরকার গঠন সম্ভব হবে।তবে আইজেনকোট ব্যর্থ হলে প্রেসিডেন্ট অন্য কোনও সংসদ সদস্যকে সরকার গঠনের দায়িত্ব দিতে পারেন। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে ২৮ দিনের মধ্যে প্রয়োজনীয় সমর্থন জোগাড় করতে হবে। তিনিও ব্যর্থ হলে সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যরা তৃতীয় কোনও প্রার্থীর নাম প্রস্তাব করতে পারবেন। সেই প্রার্থী সরকার গঠনের জন্য ১৪ দিন সময় পাবেন।এর পরেও যদি সরকার গঠন সম্ভব না হয়, তা হলে ভেঙে দেওয়া হতে পারে ইজরায়েলের সংসদ নেসেট। সে ক্ষেত্রে দেশে নতুন করে নির্বাচন হবে। ফলে নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ যেমন অনিশ্চিত, তেমনই ইজরায়েলে শেষ পর্যন্ত কার হাতে ক্ষমতা যায়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

নভেম্বর ০৮, ২০২৬
বিদেশ

নেতানিয়াহুর গদি কি টলমল? ইজরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী পদে বিরোধী নেতাকে সমর্থন আরব দলগুলির!

ইজরায়েলের রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত। দেশের পরবর্তী প্রধানমন্ত্রী পদে বিরোধী নেতা গাদি আইজেনকোটকে সমর্থন জানাল আরব-নেতৃত্বাধীন রাজনৈতিক দলগুলি। বৃহস্পতিবার এই ঘোষণা করা হয়েছে। এর ফলে আইজেনকোটের পক্ষে ১২০ আসনের সংসদে ৬৭ জন সদস্যের সমর্থন পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ইজরায়েলে সরকার গড়তে প্রয়োজন ৬১ জন সাংসদের সমর্থন। সেই হিসাব অনুযায়ী, সরকার গঠনের দৌড়ে অনেকটাই এগিয়ে যেতে পারেন বিরোধী নেতা।বৃহস্পতিবার যৌথ তালিকা জোট জানায়, তারা দেশের রাষ্ট্রপতি আইজ্যাক হারজগের কাছে আইজেনকোটকে পরবর্তী সরকার গঠনের দায়িত্ব দেওয়ার সুপারিশ করবে। এর আগে আর একটি আরব-নেতৃত্বাধীন দল রাআমও একই সিদ্ধান্তের কথা জানিয়েছিল। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, যৌথ তালিকা জোটের বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রপতির কাছে তাদের সিদ্ধান্ত জানানো হবে।যৌথ তালিকা জোটের হাতে রয়েছে ১১টি আসন। অন্য দিকে, রাআমের আসন সংখ্যা আট। দুই দল মিলিয়ে মোট ১৯ জন সাংসদ রয়েছেন। ইজরায়েলের সংসদে আরব-নেতৃত্বাধীন দলগুলির পক্ষে এই সংখ্যা রেকর্ড বলে জানা যাচ্ছে। এই দুই দলের সমর্থন নিশ্চিত হলে আইজেনকোটের পক্ষে মোট ৬৭ জন সাংসদের সমর্থন থাকতে পারে। ফলে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যার চেয়ে অনেকটাই এগিয়ে থাকবে তাঁর শিবির।অন্য দিকে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর শিবিরের সামনে রয়েছে বড় চ্যালেঞ্জ। তাঁদের হাতে রয়েছে ৫৩টি আসন। তবে প্রধানমন্ত্রী পদে নেতানিয়াহুকে কত জন সাংসদ সমর্থন করবেন, সেই সংখ্যা আরও কম হতে পারে বলে মনে করা হচ্ছে।এই পরিস্থিতিতে নেতানিয়াহুর জোটের শরিক ইউনাইটেড তোরাহ জুডাইজমের একটি অংশও তাঁর পাশে নেই। ওই জোটের সাতটি আসনের মধ্যে চারটি আসন রয়েছে দেগেল হা তোরাহের হাতে। তারা জানিয়েছে, নেতানিয়াহু বা আইজেনকোটকাউকেই প্রধানমন্ত্রী পদে সমর্থন করবে না। টাইমস অফ ইজরায়েলের প্রতিবেদন অনুযায়ী, অতি-গোঁড়া ইহুদি সম্প্রদায়ের পুরুষদের বাধ্যতামূলক সামরিক পরিষেবা থেকে ছাড় দেওয়ার আইন পাশ করাতে ব্যর্থ হয়েছে নেতানিয়াহু সরকার। সেই কারণেই জোটের সঙ্গে তাদের দূরত্ব তৈরি হয়েছে।সব মিলিয়ে ইজরায়েলে নতুন সরকার গঠন নিয়ে রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। রাষ্ট্রপতি আইজ্যাক হারজগ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে পরবর্তী সরকার গঠনের জন্য কাকে আমন্ত্রণ জানাবেন, তা ঠিক করবেন। আরব দলগুলির সমর্থনে আপাতত সেই দৌড়ে এগিয়ে রয়েছেন গাদি আইজেনকোট। তবে শেষ পর্যন্ত ইজরায়েলের ক্ষমতা কার হাতে যায়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

নভেম্বর ০৫, ২০২৬
বিদেশ

সবচেয়ে বেশি আসন পেয়েও সংখ্যাগরিষ্ঠতা নেই! ইজরায়েলে ফের ক্ষমতায় ফিরবেন নেতানিয়াহু?

প্রায় দুদিন ধরে ভোটগণনার পর ইজরায়েলে নির্বাচনের ফলের ছবি স্পষ্ট হয়েছে। সবচেয়ে বেশি আসন পেয়েছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দল লিকুদ। কিন্তু সবচেয়ে বেশি আসন পেলেও সরকার গড়ার জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা থেকে অনেকটাই দূরে তাঁর জোট। ফলে ইজরায়েলে পরবর্তী সরকার কারা গড়বে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।ইজরায়েলের সংসদ কেনেসেটের মোট আসন ১২০। সরকার গড়তে প্রয়োজন অন্তত ৬১টি আসন। কিন্তু নেতানিয়াহুর জোট পেয়েছে ৫৩টি আসন। বিরোধী জোটের ঝুলিতে রয়েছে ৪৮টি আসন। অন্য দিকে, রাম এবং জয়েন্ট লিস্ট-সহ আরব দলগুলি পেয়েছে মোট ১৯টি আসন। ফলে কোনও জোটই একক ভাবে সরকার গড়ার মতো সংখ্যাগরিষ্ঠতা পায়নি।নির্বাচনের চূড়ান্ত ফল আগামী ৪ নভেম্বর ইজরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হেরজোগের হাতে তুলে দেওয়ার কথা কেন্দ্রীয় নির্বাচন কমিটির। তার পরে ১০ নভেম্বর নতুন সরকারের শপথ নেওয়ার কথা রয়েছে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন কে জোগাড় করতে পারবে, তা এখনও স্পষ্ট নয়।এই পরিস্থিতিতে ফের ক্ষমতায় ফেরার চেষ্টা শুরু করেছেন নেতানিয়াহু। ইহুদি ভোটারদের আবেগকে সামনে রেখে তিনি আরব দলগুলির সঙ্গে জোট না করার পক্ষে সওয়াল করেছেন। তাঁর বক্তব্য, ক্ষমতা দখলের জন্য আরব দলগুলির সঙ্গে হাত মেলালে দেশের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। পাশাপাশি, সরকার গঠনের সমর্থন জোগাড় করতে বিভিন্ন ইহুদি দলের সঙ্গেও আলোচনা চালাচ্ছেন তিনি।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিরোধী শিবিরের কিছু দল নেতানিয়াহুর পাশে দাঁড়ালে তাঁর সরকার গড়ার পথ সহজ হতে পারে। বিরোধী জোটের নেতা গাদি আইজেনকোটের শিবির থেকে কয়েকটি দল সরে এলে সংখ্যার অঙ্কে বদল আসতে পারে। তবে সেই সম্ভাবনা কতটা বাস্তব, তা এখনও পরিষ্কার নয়।অন্য দিকে, একসময় মনে করা হচ্ছিল, সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে আরব দলগুলি। এই দলগুলি ইজরায়েলে বসবাসকারী প্যালেস্তিনীয় জনগোষ্ঠীর একটি বড় অংশের প্রতিনিধিত্ব করে। কিন্তু আইজেনকোট আরব দলগুলির সঙ্গে জোটে যেতে রাজি নন বলে জানা গিয়েছে। যদিও জোটের বাইরে থেকে তাদের সমর্থন নিয়ে সরকার গড়ার সম্ভাবনা পুরোপুরি বন্ধ হয়নি।ফলে ইজরায়েলের রাজনীতিতে এখন সবচেয়ে বড় প্রশ্ন, শেষ পর্যন্ত কারা সরকার গড়বে। নেতানিয়াহুর দল সবচেয়ে বেশি আসন পেলেও সংখ্যাগরিষ্ঠতা না থাকায় তাঁকে অন্য দলের সমর্থন জোগাড় করতে হবে। আগামী কয়েক দিনেই সেই রাজনৈতিক অঙ্ক অনেকটাই স্পষ্ট হতে পারে।

অক্টোবর ৩০, ২০২৬
বিদেশ

ট্রাম্পকে প্রকাশ্য মঞ্চে কার্যত চ্যালেঞ্জ! নেতানিয়াহুর মন্তব্যে তোলপাড় বিশ্বরাজনীতি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্য ঘিরে নতুন করে আলোচনায় উঠে এসেছে আমেরিকা ও ইজরায়েলের সম্পর্ক। ট্রাম্প দাবি করেছিলেন, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তাঁকে সম্মান করেন এবং তাঁর কথা শোনেন। তবে সেই মন্তব্যের কয়েক দিনের মধ্যেই প্রকাশ্যে নিজের অবস্থান স্পষ্ট করলেন নেতানিয়াহু।জেরুজালেমে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ইজরায়েলের প্রধানমন্ত্রী বলেন, অনেকেই মনে করেন তিনি ট্রাম্পের কথামতো চলেন। আবার আমেরিকায় অনেকের ধারণা, ট্রাম্পও তাঁর কথামতো সিদ্ধান্ত নেন। কিন্তু এই দুই ধারণাই ভুল বলে মন্তব্য করেন নেতানিয়াহু।তিনি জানান, আমেরিকা এবং ইজরায়েল ঘনিষ্ঠ মিত্র হলেও দুই দেশের নিজস্ব স্বার্থ রয়েছে। সব বিষয়ে দুই দেশের মত এক হবে, এমন নয় বলেও স্পষ্ট করেন তিনি।একইসঙ্গে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়েও কড়া অবস্থান নেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। তিনি বলেন, ইরানকে কোনওভাবেই পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দেওয়া হবে না। এই বিষয়ে তাঁর সরকার কোনও ধরনের আপস করতে রাজি নয়। পাশাপাশি দক্ষিণ লেবাননে ইজরায়েলি সেনার উপস্থিতি বজায় থাকবে বলেও জানান তিনি। যতদিন প্রয়োজন হবে, ততদিন সেনা সেখানে মোতায়েন থাকবে বলে তাঁর স্পষ্ট বার্তা।সম্প্রতি ইরান ও আমেরিকার মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একাধিক শর্ত নিয়ে সমঝোতা হয়েছে। সেই শর্তগুলির মধ্যে মধ্যপ্রাচ্যে নতুন সংঘাত এড়ানোর বিষয়টিও ছিল। কিন্তু তারপরও দক্ষিণ লেবাননে ইজরায়েলের সামরিক অভিযান অব্যাহত রয়েছে বলে অভিযোগ উঠেছে।এই পরিস্থিতিতে ট্রাম্প কিছুটা কঠোর সুরে ইজরায়েলের ভূমিকা নিয়ে মন্তব্য করেছিলেন। তিনি জানিয়েছিলেন, ইজরায়েলের সামরিক পদক্ষেপে প্রভাব বিস্তার করার ক্ষমতা তাঁর রয়েছে। সেই সঙ্গে তিনি দাবি করেন, নেতানিয়াহু তাঁর কথা গুরুত্ব দিয়ে শোনেন।ট্রাম্প আরও বলেন, তাঁর সমর্থন ছাড়া ইজরায়েলের অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন হতো। এই মন্তব্যের পরই আন্তর্জাতিক মহলে নানা আলোচনা শুরু হয়।তবে নেতানিয়াহুর সাম্প্রতিক বক্তব্য স্পষ্ট করে দিয়েছে যে, ইজরায়েল নিজের নিরাপত্তা ও কৌশলগত স্বার্থকে অগ্রাধিকার দিয়েই সিদ্ধান্ত নিতে চায়। ফলে লেবানন ও ইরান ইস্যুতে আগামী দিনে আমেরিকা ও ইজরায়েলের অবস্থান কতটা একসুরে থাকবে, তা নিয়েও নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

জুন ২২, ২০২৬
বিদেশ

বড় স্বীকারোক্তি নেতানিয়াহুর! প্রস্টেট ক্যানসারে আক্রান্ত ইজরায়েলের প্রধানমন্ত্রী

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ক্যানসারে আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁর শরীরে প্রস্টেট ক্যানসার ধরা পড়েছে। বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট প্রকাশ্যে আসার পর তিনি নিজেই এই তথ্য স্বীকার করেছেন।নেতানিয়াহু জানিয়েছেন, রোগটি প্রাথমিক পর্যায়ে ধরা পড়েছিল। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে এবং প্রয়োজনীয় চিকিৎসা প্রক্রিয়ার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে দাবি করেছেন তিনি। তাঁর কথায়, এই সমস্যাকে চিকিৎসার মাধ্যমে অনেকটাই দূর করা সম্ভব হয়েছে এবং এখন শরীরে বড় কোনও জটিলতা নেই।জানা গিয়েছে, ২০২৪ সালে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের কারণে তাঁর প্রস্টেটের অস্ত্রোপচার করা হয়েছিল। সেই ঘটনার পর থেকেই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা চলছিল। সেই সময়ই একটি ম্যালিগন্যান্ট টিউমার ধরা পড়ে।৭৬ বছর বয়সী এই প্রধানমন্ত্রী রেডিয়েশন থেরাপিও নিয়েছেন বলে জানা গিয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে তিনি এখন স্থিতিশীল অবস্থায় রয়েছেন।নেতানিয়াহু আরও জানিয়েছেন, এই স্বাস্থ্য সংক্রান্ত তথ্য তিনি তাৎক্ষণিকভাবে প্রকাশ করেননি। তাঁর দাবি, ইরান যাতে কোনও ভুল বা বিভ্রান্তিকর প্রচার চালাতে না পারে, সেই কারণেই বিষয়টি কিছুদিন গোপন রাখা হয়েছিল।উল্লেখ্য, ইজরায়েলের সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্বে থাকা প্রধানমন্ত্রী তিনি। অতীতেও তাঁর স্বাস্থ্য নিয়ে নানা গুজব ছড়িয়েছে। এমনকি গত বছর তাঁকে নিয়ে মৃত্যুর ভুয়ো খবরও ছড়িয়েছিল, যা তিনি প্রকাশ্যে ভিডিও বার্তার মাধ্যমে খণ্ডন করেছিলেন।আগামী অক্টোবর মাসে ইজরায়েলে নির্বাচন রয়েছে। তার আগেই প্রধানমন্ত্রীর এই স্বাস্থ্য সংক্রান্ত খবর সামনে আসায় আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

এপ্রিল ২৫, ২০২৬
বিদেশ

মৃত্যু জল্পনার মাঝেই ভিডিও বার্তা, কী বলতে চাইলেন নেতানিয়াহু

মৃত্যু নিয়ে জল্পনার মাঝেই আবার একটি নতুন ভিডিও প্রকাশ করলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সেই ভিডিওর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে তিনি সুস্থ আছেন। তবে ভিডিওটি প্রকাশের পরই সমাজমাধ্যমে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।রবিবার নিজের সমাজমাধ্যমের অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছিলেন নেতানিয়াহু। সেখানে তাঁর হাতে একটি কফির কাপ দেখা যায়। সেই ভিডিওতে ব্যঙ্গের সুরে তিনি বলেন, তিনি কফির জন্য মরতেও রাজি এবং দেশের জন্যও মরতে প্রস্তুত। এর আগে যে বিতর্কিত ভিডিও ভাইরাল হয়েছিল, সেই বিষয়েও তিনি প্রতিক্রিয়া জানান।কিন্তু সোমবার সকালে সমাজমাধ্যমে থাকা কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর একটি পরিষেবা দাবি করে, নেতানিয়াহুর সেই ভিডিওটি নাকি আসলে কৃত্রিমভাবে তৈরি। তাদের মতে, ভিডিওতে কফির কাপের অবস্থান প্রায় একই রকম রয়েছে এবং ঠোঁটের নড়াচড়ার সঙ্গে কথার মিলও ঠিকমতো দেখা যাচ্ছে না। এছাড়াও তাঁর বাঁ হাতের অবস্থানও অস্বাভাবিক বলে অনেকের দাবি। এই সব কারণেই অনেকে মনে করছেন ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা হতে পারে।এই বিতর্কের মাঝেই আবার একটি নতুন ভিডিও সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, একটি অজানা পাহাড়ি জায়গায় দাঁড়িয়ে আছেন নেতানিয়াহু। তাঁর পাশে দুজন তরুণীকেও দেখা যায়। ভিডিওটির সঙ্গে একটি বার্তাও দেওয়া হয়েছে, যেখানে লেখা রয়েছে নির্দেশ মেনে চলেই জয় অর্জন করা হচ্ছে। তবে এই বার্তার অর্থ কী, তা স্পষ্ট নয়।সব মিলিয়ে নতুন এই ভিডিও ঘিরে আবারও নানা প্রশ্ন উঠছে। বর্তমানে নেতানিয়াহু ঠিক কোথায় আছেন, তা নিয়েও কোনও স্পষ্ট তথ্য সামনে আসেনি। ফলে গোটা ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক মহলেও কৌতূহল এবং জল্পনা আরও বেড়েছে।

মার্চ ১৬, ২০২৬

ট্রেন্ডিং

খেলার দুনিয়া

পিছিয়ে পড়েও বাজিমাত! পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন ভারত

ফুটবলের মহারণে ফের পাকিস্তানকে হারিয়ে শ্রেষ্ঠত্বের প্রমাণ দিল ভারত। সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে দশমবারের জন্য চ্যাম্পিয়ন হল ভারত। শুধু তাই নয়, টানা তৃতীয়বার সাফের খেতাব নিজেদের দখলে রাখল ব্লু টাইগার্স। পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন করে জয় ছিনিয়ে নিল ভারতীয় দল।ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে ছিল হাড্ডাহাড্ডি লড়াই। প্রথমার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে পাকিস্তান। একের পর এক আক্রমণে ভারতীয় রক্ষণকে চাপে ফেলে তারা। প্রথমার্ধের সংযুক্ত সময়ে, ৪৫+১ মিনিটে আলমগির গাজির গোলে এগিয়ে যায় পাকিস্তান। ফলে বিরতিতে ১-০ গোলে পিছিয়ে ছিল ভারত।দ্বিতীয়ার্ধে অবশ্য সম্পূর্ণ অন্য মেজাজে দেখা যায় ভারতীয় দলকে। ম্যাচের ৫৯ মিনিটে বড় ধাক্কা খায় পাকিস্তান। ব্রিসন ফার্নান্ডেজকে ফাউল করার জন্য লাল কার্ড দেখেন জুনেইদ শাহ। ফলে বাকি সময় দশ জনে খেলতে বাধ্য হয় পাকিস্তান।এই সুযোগ কাজে লাগাতে দেরি করেনি ভারত। লাল কার্ড দেখার ঠিক পরের মিনিটেই, অর্থাৎ ৬০ মিনিটে গোল করে সমতা ফেরান সুহেল আহমেদ ভাট। খেলার শেষ দিকে জয়সূচক গোলের জন্য মরিয়া হয়ে ওঠে ভারত। অবশেষে ৮৮ মিনিটে সন্দীপ নন্দীর গোলে উচ্ছ্বাসে ফেটে পড়ে ভারতীয় শিবির। ২-১ গোলে এগিয়ে যায় ভারত।শেষ পর্যন্ত আর গোল শোধ করতে পারেনি পাকিস্তান। রেফারির শেষ বাঁশি বাজতেই শুরু হয় ভারতীয় ফুটবলারদের উচ্ছ্বাস। এই জয়ের ফলে সাফ চ্যাম্পিয়নশিপে দশমবারের মতো শিরোপা জিতল ভারত। প্রতিকূল পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়ে এই জয় নিঃসন্দেহে ভারতীয় ফুটবলের জন্য স্মরণীয় হয়ে থাকবে।

নভেম্বর ১৭, ২০২৬
খেলার দুনিয়া

ধোনির বিদায়ে মন খারাপ ক্রিকেটপ্রেমীদের, শ্রদ্ধায় ভাসালেন নামজাদা ক্রিকেটাররা

রীতিমতো একটা যুগের অবসান! আইপিএলের বাইশ গজে আর দেখা যাবে না মহেন্দ্র সিং ধোনির ব্যাটিংয়ের ঝলক। চেন্নাই সুপার কিংসের হয়ে দীর্ঘ ১৯ বছরের যাত্রায় ইতি টেনে খেলোয়াড় হিসেবে আইপিএলকে বিদায় জানিয়েছেন ক্যাপ্টেন কুল। তবে নতুন মরশুমে মেন্টর হিসেবে চেন্নাইয়ের সঙ্গেই থাকছেন তিনি। আর ধোনির এই সিদ্ধান্ত সামনে আসতেই আবেগে ভাসল গোটা ক্রিকেটমহল। প্রাক্তন সতীর্থ থেকে শুরু করে প্রতিপক্ষ দলের ক্রিকেটার এবং ফ্র্যাঞ্চাইজিগুলি, সকলেই শ্রদ্ধা জানালেন ভারতীয় ক্রিকেটের এই কিংবদন্তিকে।ধোনির বিদায়ে আবেগঘন বার্তা দিয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান। ধোনির নেতৃত্ব, চাপের মুখে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং ম্যাচ শেষ করার দক্ষতার প্রশংসা করেছেন তিনি। ইরফানের মতে, ভারতীয় ক্রিকেটে ধোনির প্রভাব এবং তাঁর তৈরি করা উত্তরাধিকার সহজে ছোঁয়া সম্ভব নয়। আগামী প্রজন্মও তাঁর অভিজ্ঞতা থেকে অনুপ্রেরণা পাবে।প্রাক্তন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ানও ধোনির দীর্ঘ ক্রিকেটীয় যাত্রার প্রশংসা করেছেন। তাঁর নেতৃত্ব, শান্ত স্বভাব এবং ক্রিকেটে অবদানের কথা উল্লেখ করে নতুন ভূমিকায় ধোনিকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।অন্যদিকে, চেন্নাইয়ের বর্তমান অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ের বার্তাতেও ধরা পড়েছে আবেগ। ২০১৯ সালে চেন্নাইয়ে যোগ দেওয়ার পর ধোনির কাছ থেকে সরলতা, নেতৃত্ব এবং ক্রিকেটের নানা খুঁটিনাটি শেখার অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি। রবীন্দ্র জাদেজাও সমাজমাধ্যমে প্রিয় মাহি ভাই-কে বিদায়বার্তা দিয়েছেন।শুধু সতীর্থরাই নন, আবেগপ্রবণ ক্রিকেট বিশ্লেষক হর্ষ ভোগলেও। তাঁর মতে, ধোনি ও চেন্নাই সুপার কিংস যেন একে অপরের পরিপূরক। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং কলকাতা নাইট রাইডার্সের মতো প্রতিপক্ষ ফ্র্যাঞ্চাইজিও বিশেষ বার্তায় শ্রদ্ধা জানিয়েছে ধোনিকে।খেলোয়াড় হিসেবে ধোনির আইপিএল অধ্যায় শেষ হলেও তাঁর প্রভাব শেষ হচ্ছে না। এবার মেন্টর হিসেবে তরুণদের পথ দেখাবেন তিনি। ক্রিকেটপ্রেমীদের কাছে এই বিদায় তাই শুধুই অবসরের ঘোষণা নয়, এক আবেগঘন মহেন্দ্রক্ষণ।

নভেম্বর ১৭, ২০২৬
খেলার দুনিয়া

ধোনির বিদায়ের ‘মহেন্দ্রক্ষণ’! আইপিএলকে বিদায় জানিয়ে নতুন ইনিংসে ক্যাপ্টেন কুল

শুধু ভারত নয় বিশ্বের আপামর ক্রিকেটপ্রেমীদের জন্য মনখারাপের খবর। ব্যাট হাতে আর আইপিএলের মাঠে দেখা যাবে না মহেন্দ্র সিং ধোনিকে। দীর্ঘ ১৮ বছরের বর্ণময় আইপিএল কেরিয়ারে ইতি টানলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ চেন্নাই সুপার কিংসের তরফে ধোনির অবসরের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। তবে ক্রিকেটের সঙ্গে সম্পর্ক একেবারে ছিন্ন করছেন না তিনি। ২০২৭ সালের আইপিএলে চেন্নাই সুপার কিংসের মেন্টর হিসেবে নতুন দায়িত্ব সামলাবেন ক্যাপ্টেন কুল।২০০৮ সালে আইপিএলের প্রথম মরশুম থেকেই চেন্নাই সুপার কিংসের সঙ্গে যুক্ত ধোনি। তাঁর নেতৃত্বেই একাধিকবার সাফল্যের শিখরে পৌঁছেছে সিএসকে। পাঁচবার আইপিএল ট্রফি জিতেছে চেন্নাই। ২০১০, ২০১১, ২০১৮, ২০২১ এবং ২০২৩ সালে ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল দল। শুধু তাই নয়, তাঁর নেতৃত্বে দুবার চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিও জিতেছে চেন্নাই।ধোনির অবসরের সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই আবেগপ্রবণ ক্রিকেটমহল। দীর্ঘদিন ধরে চেন্নাই দলের পরিচয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে তাঁর নাম। দলের মালিক এন শ্রীনিবাসন জানিয়েছেন, প্রায় দুই দশক ধরে ধোনির সঙ্গে চেন্নাইয়ের সম্পর্ক অটুট। তাঁর কথায়, ধোনি সবসময়ই চেন্নাইয়ের পরিচয়ের অংশ হয়ে থাকবেন।উল্লেখ্য, ২০২৬ সালের আইপিএলে চোটের কারণে একটিও ম্যাচ খেলতে পারেননি ৪৫ বছর বয়সি এই ক্রিকেটার। ২০২৫ সালের মরশুমেই শেষবার মাঠে নেমেছিলেন তিনি। গত কয়েক বছর ধরেই তাঁর অবসর নিয়ে জল্পনা চলছিল। অবশেষে সেই জল্পনার অবসান ঘটল।আন্তর্জাতিক ক্রিকেটকে ২০২০ সালেই বিদায় জানিয়েছিলেন ধোনি। ২০১১ সালের একদিনের বিশ্বকাপ এবং ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অধিনায়ক হিসেবে তাঁর অবদান চিরস্মরণীয়।খেলোয়াড় হিসেবে আইপিএল অধ্যায় শেষ হলেও চেন্নাইয়ের সঙ্গে সম্পর্ক শেষ হচ্ছে না ধোনির। এবার তরুণ ক্রিকেটারদের পথ দেখানোর দায়িত্ব তাঁর কাঁধে। ব্যাট হাতে ছক্কা হাঁকানো নয়, এবার ডাগআউট থেকে দলকে সাফল্যের মন্ত্র শেখাবেন থালা।

নভেম্বর ১৭, ২০২৬
রাজ্য

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে ফের গ্রেপ্তার বাংলাদেশি নাগরিক, চাঞ্চল্য এলাকায়

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে ফের পাঁচ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। ঘটনাকে কেন্দ্র করে সীমান্তবর্তী এলাকায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। কি কারণে তাঁরা এখানে এসেছিল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রঘুনাথগঞ্জ থানার বাজিতপুর চড় এলাকায় অভিযান চালিয়ে ওই পাঁচজনকে আটক করা হয়। ধৃতদের নাম মনিরুল ইসলাম, জিয়াউল রহমান, নুর ইসলাম রুহুলশেখ এবং মনিরুল শেখ। তাঁদের বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায় বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। কী উদ্দেশ্যে তাঁরা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিলেন, তা নিয়ে তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তাঁদের ভারতে আসার প্রকৃত কারণ জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। পাশাপাশি, এই ঘটনার পিছনে কোনও ব্যক্তি বা চক্রের যোগসূত্র রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।সীমান্তবর্তী মুর্শিদাবাদ জেলায় একসঙ্গে পাঁচ বাংলাদেশি নাগরিকের গ্রেপ্তারের ঘটনায় স্বাভাবিকভাবেই নিরাপত্তা সংক্রান্ত প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও তাঁদের ভারতে প্রবেশের উদ্দেশ্য সম্পর্কে এখনও স্পষ্ট কোনও তথ্য সামনে আসেনি।পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার ধৃতদের হোল্ডিং সেন্টারে পাঠানো হবে। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে এই ঘটনার আরও তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

নভেম্বর ১৭, ২০২৬
রাজনীতি

২০২৭ উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনঃ আসন ভাগাভাগি নিয়ে সপা-কংগ্রেসের মধ্যে টানাপোড়েন

উত্তরপ্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচনের আগে সমাজবাদী পার্টি (সপা) এবং কংগ্রেসের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে মতবিরোধ শুরু হয়েছে। উত্তরপ্রদেশের ৪০৩টি বিধানসভা আসনের মধ্যে ১৮১টি আসনে লড়াই করার দাবি জানিয়েছে কংগ্রেস। যদিও কংগ্রেসের এই দাবিকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন সমাজবাদী পার্টির সাংসদ শিবপাল সিং প্যাটেল। তাঁর স্পষ্ট বক্তব্য, কংগ্রেসকে ১০০টির কম আসন দেওয়া উচিত। তাঁর মতে, ৫০ থেকে ৬০টি অথবা সর্বোচ্চ ৬৫টি আসনে কংগ্রেসের সমঝোতা করা উচিত।কংগ্রেসের দাবি নিয়ে প্রশ্ন তুললেন সপা সাংসদ শিবপাল সিং প্যাটেল। সপা সাংসদ বলেন, কংগ্রেস ১৮১টি আসনের দাবি জানালেও এখনও আসন বণ্টন চূড়ান্ত হয়নি। দলটি শুধুমাত্র তাদের দাবির তালিকা জমা দিয়েছে। আসন বণ্টনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব। প্যাটেলের মতে, কংগ্রেসকে ১০০টির কম আসন দেওয়া উচিত। ৫০ থেকে ৬০টি অথবা সর্বোচ্চ ৬৫টি আসনে সমঝোতা করে নেওয়া উচিত কংগ্রেসের।উত্তরপ্রদেশে কংগ্রেসের হাতে রয়েছে মাত্র ২ জন বিধায়কয। তাহলে এত আসনের দাবি উঠছে কেন? এই নিয়েও বিতর্ক শুরু হয়েছে। কংগ্রেসের আসন দাবির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে শিবপাল সিং প্যাটেল বলেন, উত্তরপ্রদেশ বিধানসভায় বর্তমানে কংগ্রেসের মাত্র দুজন বিধায়ক রয়েছেন। অন্যদিকে, সমাজবাদী পার্টির অবস্থান অনেকটাই শক্তিশালী। তিনি বলেন, কংগ্রেসের বর্তমান রাজনৈতিক শক্তির নিরিখে ৫০টি আসন পাওয়ার অধিকারও তাদের নেই। সেখানে ১৮১টি আসনের দাবি করা কোনওভাবেই যুক্তিসংগত নয়। তাঁর আরও বক্তব্য, কংগ্রেসকে প্রয়োজনের তুলনায় বেশি আসন দিলে নির্বাচনে দলের সম্পদের অপচয় হতে পারে।এমন আসন বন্টন হলে সপা কর্মীদের মনোবল ভেঙে যাওয়ার আশঙ্কাও রয়েছে, বলছে সপা নেতৃত্ব। শিবপাল সিং প্যাটেল বলেন, আসন বণ্টনের সময় দলের তৃণমূল স্তরের কর্মীদের পরিশ্রমকেও গুরুত্ব দিতে হবে। সমাজবাদী পার্টির কর্মীরা পিছিয়ে পড়া শ্রেণি, দলিত এবং সংখ্যালঘু (PDA) সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন পঞ্চায়েত ও তৃণমূল স্তরে ধারাবাহিকভাবে কাজ করে গোটা রাজ্যে মানুষের আস্থা অর্জন করেছেন। তাঁর মতে, কংগ্রেসকে প্রয়োজনের তুলনায় বেশি আসন দেওয়া হলে সমাজবাদী পার্টির কর্মীদের মনোবল ভেঙে যেতে পারে। তিনি দাবি করেন, রাজ্যের মানুষ অখিলেশ যাদবের নেতৃত্ব এবং তাঁর জনকল্যাণমূলক প্রকল্পগুলির পাশে রয়েছেন।১৭ নভেম্বর সপা-কংগ্রেসের গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। দুই দলের মধ্যে আসন বণ্টন নিয়ে আলোচনার জন্য ১৭ নভেম্বর প্রবীণ নেতাদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। এই বৈঠকেই আসন সংখ্যা এবং জোটের চূড়ান্ত সমীকরণ নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে। অখিলেশ বার্তা দিয়েছেন, কংগ্রেসের সঙ্গে মিলেই নির্বাচনে লড়ব। এর আগে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব জানিয়েছিলেন, উত্তরপ্রদেশের ৪০৩টি বিধানসভা আসনের মধ্যে কংগ্রেস ১৮১টি আসন চেয়েছে। তবে তিনি এটাও স্পষ্ট করেছেন যে, দুই দল একসঙ্গেই বিধানসভা নির্বাচনে লড়াই করবে।দুই দলের মূল লক্ষ্য হল রাজ্যের শাসক দল বিজেপিকে পরাজিত করা। আসন দাবি নিয়ে দুই দলের মধ্যে বড় ব্যবধান থাকলেও জোট বজায় রাখার বিষয়ে উভয় পক্ষই ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে।উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি জোটের বৃহত্তম শরিক দল। ফলে আগামী আলোচনায় আসন বণ্টন নিয়ে নিজেদের অবস্থান আরও জোরালোভাবে তুলে ধরতে পারে সপা। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের ৮০টি আসনের মধ্যে সমাজবাদী পার্টি ও কংগ্রেসের জোট ৪৩টি আসনে জয়লাভ করেছিল। এর মধ্যে সমাজবাদী পার্টি ৩৭টি এবং কংগ্রেস ৬টি আসনে জয়ী হয়েছিল। এই সাফল্য দুই দলের জোটকে আরও শক্তিশালী করেছিল।২০২২ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে কংগ্রেস ৩৯৯টি আসনে প্রার্থী দিয়েছিল। কিন্তু জয় পেয়েছিল মাত্র ২টি আসনে। এর আগে ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস পেয়েছিল ৭টি আসন। অন্যদিকে, ২০২২ সালের নির্বাচনে সমাজবাদী পার্টি ৩৪৭টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ১১১টি আসনে জয়লাভ করেছিল। ২০১৭ সালে সপা পেয়েছিল ৪৭টি আসন।

নভেম্বর ১৭, ২০২৬
রাজ্য

যাত্রা দেখতে গিয়ে ভয়াবহ ঘটনা! পুরুলিয়ায় নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৬

যাত্রা দেখতে গিয়ে গণধর্ষণের শিকার এক নাবালিকা। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার কাশীপুর থানার অন্তর্গত মাজরামুড়া গ্রামে। এই ঘটনায় এখনও পর্যন্ত ছজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের মঙ্গলবার রঘুনাথপুর মহকুমা আদালতে পেশ করার কথা।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার মাজরামুড়া গ্রামে যাত্রার অনুষ্ঠান ছিল। এক পরিচিতের আমন্ত্রণে সেখানে গিয়েছিল ১৭ বছরের ওই কিশোরী। অভিযোগ, রাতের অন্ধকারে তিন যুবক তাকে একটি নির্জন জায়গায় নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। পরে বাড়ি ফিরে পরিবারের সদস্যদের গোটা ঘটনা জানায় ওই কিশোরী।এর পর সোমবার নির্যাতিতার বাবা কাশীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে গণধর্ষণ এবং পকসো আইনে মামলা রুজু করে পুলিশ। তদন্তে নেমে প্রথমে তিন জনকে আটক করা হয়। পরে আরও তিন জনকে গ্রেপ্তার করা হয়। সব মিলিয়ে এই ঘটনায় ছজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।ধৃতদের নাম সুদীপ মাণ্ডি, রাজেশ মাণ্ডি, সগুন মুর্মু, মেঘনাথ মাণ্ডি, সুশান্ত মাণ্ডি এবং বিনন্দ সোরেন। তাঁরা প্রত্যেকেই কাশীপুর থানা এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে সুদীপ মাণ্ডির সঙ্গে ওই কিশোরীর পরিচয় ছিল। তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলেও জানা গিয়েছে। যদিও এই বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।ইতিমধ্যেই নির্যাতিতার চিকিৎসা পরীক্ষা করানো হয়েছে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার সমস্ত দিক জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। মঙ্গলবার তাঁদের রঘুনাথপুর মহকুমা আদালতে পেশ করা হবে।নারী নির্যাতনের ঘটনায় কঠোর পদক্ষেপের কথা আগেই জানিয়েছে রাজ্য সরকার। এই ধরনের অপরাধে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ রয়েছে পুলিশের উপর। পুরুলিয়ার এই ঘটনার ক্ষেত্রেও তদন্তের ভিত্তিতে আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

নভেম্বর ১৭, ২০২৬
রাজ্য

বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘আকভান’! বুধবার থেকেই ভিজবে বাংলার একাধিক জেলা, শীতেও বাধা?

বঙ্গোপসাগরে তৈরি হয়েছে শক্তিশালী ঘূর্ণিঝড় আকভান। মঙ্গলবার ভোরে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে সেটি। আবহবিদদের পূর্বাভাস, আগামী কয়েক দিনে আরও শক্তি বাড়িয়ে স্থলভাগের দিকে এগোবে এই ঘূর্ণিঝড়। সব ঠিক থাকলে আগামী ২০ নভেম্বর অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়তে পারে আকভান। এর প্রভাব পড়বে বাংলার আবহাওয়াতেও। বুধবার থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে শীতের আগমনও কিছুটা পিছিয়ে যেতে পারে বলে মনে করছেন আবহবিদেরা।পুজোর পর থেকেই বঙ্গোপসাগরে একের পর এক ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। তার প্রভাব পড়ছে বাংলার আবহাওয়ায়। এর আগে অর্ণব ও মুরাসু-র পর এ বার নজর কাড়ছে ঘূর্ণিঝড় আকভান। তবে এই ঘূর্ণিঝড় সরাসরি বাংলায় আছড়ে পড়ার আশঙ্কা নেই। আবহবিদদের অনুমান, অন্ধ্রপ্রদেশের নেল্লোর ও টুনি এলাকার কাছাকাছি উপকূলে আছড়ে পড়তে পারে সেটি। সেই সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার হতে পারে।তবে স্থলভাগে আছড়ে পড়ার আগেই ঘূর্ণিঝড়ের প্রভাব অনুভূত হতে পারে বাংলায়। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার থেকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি শুরু হতে পারে। দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঝোড়ো হাওয়াও বইতে পারে।আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা এবং হাওড়ার কয়েকটি জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে।বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই দু-এক জায়গায় বজ্রঝড় ও বজ্রপাত হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।তবে আপাতত মৎস্যজীবীদের জন্য বিশেষ কোনও নিষেধাজ্ঞা জারি করেনি আবহাওয়া দফতর। অন্য দিকে, উত্তরবঙ্গের পাঁচ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার পর থেকে উত্তরবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।আকভান নামটি দিয়েছে ইরান। শব্দটির অর্থ অশুভ শক্তি। ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ারও আশঙ্কা রয়েছে। ফলে শীতের অপেক্ষায় থাকা বাংলার মানুষের কাছে আগামী কয়েক দিন আবহাওয়ার এই পরিবর্তন যথেষ্ট গুরুত্বপূর্ণ।

নভেম্বর ১৭, ২০২৬
রাজ্য

মোথাবাড়ি কাণ্ডে ফের বড় পদক্ষেপ এনআইএ-র! এবার তলব সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে

মোথাবাড়ি-কাণ্ডে ফের তৎপর জাতীয় তদন্তকারী সংস্থা। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিনকে আবারও তলব করল এনআইএ। শুধু সাবিনা নন, তাঁর স্বামী মহম্মদ মেহবুব আলমকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। আগামী সপ্তাহে দুজনকেই হাজিরা দিতে বলা হয়েছে। এই ঘটনায় নতুন করে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।উল্লেখ্য, গত ১ এপ্রিল মালদহের কালিয়াচকের মোথাবাড়ি এলাকায় উত্তেজনা ছড়িয়েছিল। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া চলাকালীন একদল মানুষের অভিযোগ ছিল, প্রয়োজনীয় নথি থাকা সত্ত্বেও তাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। এই অভিযোগে মোথাবাড়ির বিডিও অফিসে ঢুকে এসআইআরের কাজে নিযুক্ত বিচারকদের ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখা হয়।শুধু তাই নয়, ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান উত্তেজিত মানুষজন। আটকে পড়া বিচারকদের উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় তাঁদের গাড়িতেও হামলা চালানো হয় বলে অভিযোগ। মহিলা বিচারক-সহ একাধিক বিচারককে হেনস্তার ঘটনায় তদন্তভার নেয় জাতীয় তদন্তকারী সংস্থা।মোথাবাড়ি-কাণ্ডে মোট ১২টি মামলা দায়ের হয়েছিল। তার মধ্যে দুটি মামলায় চার্জশিট জমা দিয়েছে এনআইএ। একটি মামলায় ২২ জনের বিরুদ্ধে এবং অন্য মামলায় এক জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়েছে। প্রথম চার্জশিটটি ৫৪ পাতার এবং দ্বিতীয়টি ১১ পাতার। সব মিলিয়ে ২৩ জনকে অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে।অভিযুক্তদের বিরুদ্ধে খুনের চেষ্টা, সরকারি কর্মীদের উপর হামলা, হেনস্তা, বেআইনিভাবে আটকে রাখা এবং সরকারি কাজে বাধা দেওয়ার মতো একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় এই অভিযোগগুলি দায়ের করা হয়েছে।এই ঘটনার তদন্তের সূত্রেই এর আগে সাবিনা ইয়াসমিনকে তলব করেছিল এনআইএ। গত ২৪ সেপ্টেম্বর তাঁকে মালদহের কালিয়াচক থানায় হাজিরা দিতে বলা হয়েছিল। সেদিন সকাল ১১টায় হাজির হওয়ার নির্দেশ থাকলেও তিনি সেখানে যাননি। সেই সময় তাঁর স্বামী অসুস্থ থাকায় কলকাতার একটি নার্সিংহোমে চিকিৎসাধীন ছিলেন। স্বামীর চিকিৎসার জন্য কলকাতায় থাকায় সাবিনা ইয়াসমিন কলকাতায় এনআইএ-র দফতরে গিয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন।এ বার ফের তাঁকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পাশাপাশি তাঁর স্বামীকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। আগামী সপ্তাহে দুজনের বক্তব্য জানতে চায় এনআইএ। মোথাবাড়ি-কাণ্ডের তদন্তে তাঁদের কী ভূমিকা বা কী তথ্য উঠে আসে, এখন সেদিকেই নজর রাজনৈতিক ও প্রশাসনিক মহলের।

নভেম্বর ১৭, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal